মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) বিকেলে ওয়াপদা বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হামলার একপর্যায়ে সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি পাশের একটি ডোবায় পড়ে যান। এ সময় তাঁকে লক্ষ্য করে ইটও ছোড়া হয় বলে অভিযোগ রয়েছে।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজে সাহেব আলীকে লক্ষ্য করে গুলি ছোড়া এবং তাঁকে ইট দিয়ে আঘাত করার দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে।
খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা-পুলিশ ও র্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, সাহেব আলী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী ছিলেন। তাঁর বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলেও জানান তিনি। পুলিশের ওপর হামলার একটি মামলাতেও সাহেব আলী আসামি ছিলেন। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত