মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। ভোরের আলো ফুটতেই কাস্তে হাতে দল বেঁধে ধান কাটতে নামছেন কৃষকেরা। কেউ কাটছেন পাকা ধান, কেউবা আঁটি বেঁধে নিয়ে যাচ্ছেন বাড়ির উঠোনে। নতুন ধান ঘরে তোলার আনন্দে সিরাজগঞ্জের তিনটি উপজেলায় এখন কৃষকের ঘরে ঘরে উৎসবের আমেজ। চলতি মৌসুমে আগাম জাতের রোপা আমনের ভালো ফলন এবং সময়ের আগেই ধান ঘরে তুলতে পারায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
নভেম্বরের শুরু থেকেই সিরাজগঞ্জের তিনটি উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধান কাটা শুরু হয়েছে। সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউপি আমশড়া গ্রামের ধলায় চড়া, চুনিয়া খাড়ার বিল, বেতুয়ার বিল, তাড়াশের বিখ্যাত ধান ভান্ডার বলে খ্যাত চলনবিলসহ বিভিন্ন এলাকার মাঠে দেখা গেছে ধান কাটার ব্যস্ততা। কোথাও কৃষকেরা ধান কেটে আঁটি বেঁধে বাড়িতে নিয়ে যাচ্ছেন, আবার কোথাও জমিতেই চলছে ধান মাড়াইয়ের কাজ।
চলছে ধান মাড়াইের কাজ
সোনালি ধানের ডগায় জমে থাকা শিশির আর সন্ধ্যার কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মাঠজুড়ে কাঁচা-পাকা ধানের সমারোহে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। কৃষকেরা বলছেন, অনুকূল আবহাওয়া ও পরিশ্রমের কারণে এবার আগাম জাতের ধানের ফলন ভালো হয়েছে। নতুন ধান ঘরে তোলার পর নবান্ন উৎসবের পাশাপাশি নতুন চালের পিঠাপুলি তৈরির প্রস্তুতিও শুরু হবে গ্রামেগঞ্জে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় শ্রমিকের পাশাপাশি পার্শ্ববর্তী জেলা থেকেও ধান কাটতে শ্রমিক এসেছেন। তবে শ্রমিক সংকট, মজুরি বৃদ্ধি এবং সার, কীটনাশক ও ডিজেলসহ কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বেড়েছে। ফলে ভালো ফলন হলেও কাঙ্ক্ষিত লাভ পাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছেন তাঁরা।
আমশড়া গ্রামের কৃষক আমিরুল ইসলাম জানান, তিনি এক একর ৪০ শতক জমিতে কাটারি ও চেল্টুপাইজামসহ অন্য অন্য জাতের ধান চাষ করেছেন। ফলনও ভালো হয়েছে। ইতিমধ্যে প্রায় ৩ বিঘা জমির ধান কাটা শেষ করেছেন।
একই এলাকার কৃষক সুলতান মাহমুদ, লেটন, আব্দুল আজিজ ও দুলাল মিয়া উল্লাপাড়া উপজেলার কৃষক মোস্তাফিজুর রহমান জানান, এ বছর সার, কীটনাশক ও ডিজেলসহ বিভিন্ন কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় ধান উৎপাদনে খরচ বেশি হয়েছে। তবে বাজারে ধানের ভালো দাম থাকায় কিছুটা আশাবাদী তাঁরা।
উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল হাই বলেন, যেসব রোপা আমনের ধান কিছুটা দেরিতে পরিপক্ব হয়, শীতের কুয়াশা ও শিশির সেগুলোর দানা পূর্ণতা পেতে সহায়তা করছে। এতে ধানের ভেতরের চাল শক্ত হতে সাহায্য হচ্ছে। পাশাপাশি পোকামাকড়ের আক্রমণের আশঙ্কাও কমেছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রায়গঞ্জে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২৩০ হেক্টর জমিতে। এর বিপরীতে আবাদ হয়েছে ১৯ হাজার ২৩০ হেক্টর জমিতে। উপজেলায় হাইব্রিড ও উফশী জাতের ব্রি ধান-১২০৩, ৪৯, ৫২ এবং সেল্টু পায়জাম জাতের রোপা আমন চাষ হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মমিনুল ইসলাম বলেন, আগাম জাতের ধান চাষ করে কৃষকেরা লাভবান হবেন বলে আশা করা হচ্ছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ধান ঘরে তোলা সম্ভব হবে। ধান কাটার পর অনেক কৃষক সরিষা, ভুট্টা, গম ও শীতকালীন শাকসবজি চাষের প্রস্তুতি নিচ্ছেন। ইতিমধ্যে কেউ কেউ জমি প্রস্তুতের কাজও শুরু করেছেন।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত