মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর সীমান্তে চোরাকারবারিদের লক্ষ্য করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলির ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল দলও পাল্টা ফাঁকা গুলি ছোড়ে বলে জানা গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ডিবির হাওর সীমান্তের ১৩৮৫ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যায় কয়েকজন চোরাকারবারি ভারত থেকে অবৈধভাবে মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। গুলির শব্দে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজিবি ১৯ ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, সীমান্তের নিরাপত্তা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির টহল দলও ফাঁকা গুলি ছোড়ে। এতে কেউ হতাহত হয়নি।
ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
চোরাচালান ও অবৈধ পারাপার ঠেকাতে সীমান্তে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে।
এদিকে, ঘটনার বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত