আবু মুসা, টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার সেন্টমার্টিন দ্বীপে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যসেবা দিতে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ কর্মসূচির আওতায় ২৩২ জনকে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশনে এ কার্যক্রম চলে। কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী-এর ব্যবস্থাপনায় আয়োজিত ক্যাম্পে দ্বীপের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী এলাকার মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ কোস্ট গার্ড বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এর অংশ হিসেবে নিয়মিত মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম আগামীতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে কোস্ট গার্ডের।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত