মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় রায়সা খাতুন (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে থাকা তিন শিশুসহ আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে নৌ পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার আনন্দবাজার এলাকায় আমান ফ্যাক্টরির সামনে মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
বৈদ্যের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শাহ কামাল জানান, নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন। তাঁদের সঙ্গে দুটি গরু ও একটি খাসি ছিল। ঝড়ের কবলে পড়ে নৌকাটি নদীতে ডুবে যায়।
নৌ পুলিশ জানায়, দুর্ঘটনার পর রায়সা খাতুনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিখোঁজ চারজনের মধ্যে তিনজন শিশু ও একজন প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েছেন।
জানা গেছে, নৌকার যাত্রীরা কুমিল্লার হোমনা থেকে নারায়ণগঞ্জের আনন্দবাজার এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
পরিদর্শক শাহ কামাল বলেন, নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে। নৌ পুলিশ ফাঁড়ির টহল দল ও সোনারগাঁ থানা পুলিশের সদস্যরাও উদ্ধার কার্যক্রমে অংশ নিয়েছেন।
নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক মাহাদী হাসান,
নির্বাহী সম্পাদক মেহেদী হাসান,
কপি রাইট কতৃক অনুমোদিত