
টেকনাফ প্রতিনিধি | আবু মুসা
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার চৌরাস্তা মোড়ের পূর্ব-দক্ষিণে দীঘিরপাড় জামে মসজিদের পুকুরের পশ্চিম পাশে অবস্থিত প্রধান সড়কসংলগ্ন প্রায় ৩০ বছরের পুরোনো পানি নিষ্কাশন ড্রেইন দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় সাম্প্রতিক টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়ে।
স্থানীয়দের অভিযোগ, ড্রেইনের পাশে থাকা কয়েকটি দোকানের মালিক ড্রেইনের ওপর ও পাশে টয়লেটের রিংসহ বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখায় পানি চলাচল সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়। ফলে বৃষ্টির পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আশপাশের এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়।
এ অবস্থায় অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়ে। শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত ব্যাহত হয়, মুসল্লিদের মসজিদে নামাজ আদায়ে ভোগান্তি সৃষ্টি হয় এবং স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরাও নানা সমস্যার মুখোমুখি হন।
বিষয়টি নিয়ে ২১ জুন সংবাদ প্রকাশের পর ২২ জুন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী, ২ নম্বর ওয়ার্ড সদস্য বেলাল উদ্দিন এবং ৫ নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন।
পরিদর্শনের পরপরই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ড্রেইন পরিষ্কারের কাজ শুরু করা হয়। প্রশাসনের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পানিবন্দি পরিবারগুলো মুক্তির আশা দেখছে।
ইউএনও এস এম অনিক চৌধুরী বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত ড্রেইন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ যাতে ড্রেইন দখল বা পানি চলাচলে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তবে স্থানীয়দের দাবি, শুধু সাময়িক পরিষ্কার করলেই হবে না; ড্রেইন দখল ও অবৈধভাবে নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে স্থায়ী নজরদারি এবং আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতার পুনরাবৃত্তি না ঘটে।