
জাহাঙ্গীর আলম জামালপুরঃ
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের গোবিন্দপুর বায়তুল জান্নাহ জামে মসজিদকে কেন্দ্র করে কথিত অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে স্থানীয় এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিনের ঐতিহ্যবাহী গোবিন্দপুর বায়তুল জান্নাহ জামে মসজিদকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এলাকায় বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
অত্র মসজিদের সভাপতি আব্দুল মালেক বলেন, “১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গোবিন্দপুর বায়তুল জান্নাহ জামে মসজিদে আমাদের পূর্বপুরুষদের সময় থেকে গ্রামের মানুষ নামাজ আদায় করে আসছেন। সম্প্রতি গ্রামের প্রায় ১০০ গজ দূরে নুর ইসলাম একটি টিনশেডের স্থাপনা নির্মাণ করে সেখানে নতুন মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। এ সময় ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে আমাদের মসজিদ সম্পর্কে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি আরও বলেন, “আমরা মুসলমান, মসজিদের বিপক্ষে নই; বরং মসজিদের পক্ষেই আছি। তবে একটি গ্রামকে দুই ভাগে বিভক্ত করে কোনো কার্যক্রম পরিচালনা করা উচিত নয়।”
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে অর্থ সংগ্রহের উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তাদের ধারণা।
স্থানীয় বাসিন্দা সুরুজ বলেন, “আমাদের এলাকায় আগে থেকেই একটি মসজিদ রয়েছে। খুব কাছাকাছি আরেকটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয়তা আমরা দেখি না।”
তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে নুর ইসলামের বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।