
মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি :
রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী নিষ্পাপ শিশু রামিসার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং ধর্ষক-হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বরগুনার আমতলীতে বিক্ষোভ মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) রাত ৮টার দিকে শহরের সরকারি এ কে স্কুল চৌরাস্তা থেকে মশাল মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নতুন বাজার চৌরাস্তায় গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়।
মশাল মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা রামিসার হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় বক্তব্য রাখেন আসাদুজ্জামান মোমেন আকন, সমাজকর্মী রেজাউল করিম, সাজিদ ফকির ও নারী নেত্রী মুক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, রামিসার মতো একটি নিষ্পাপ শিশুকে মানুষরূপী এক অমানুষ ধর্ষণ ও গলাকেটে নির্মমভাবে হত্যা করেছে, যা পুরো জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। তারা বলেন, এ ধরনের বর্বরোচিত অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি কার্যকর না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে।
এ সময় বক্তারা অবিলম্বে রামিসা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে জড়িতদের ফাঁসির দাবি জানান।