
রুবেল আহমদ।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে যুক্ত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ এম. মনজুর আহমেদ। সংগঠনের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে তিনি সম্মতি প্রদান করে এ দায়িত্ব গ্রহণ করেন।
গত ২৭ জুন আসকের একটি প্রতিনিধি দল ডাঃ এম. মনজুর আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় উপদেষ্টার আমন্ত্রণপত্র প্রদান করে। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডাঃ এম. মনজুর আহমেদ এমবিবিএস (সিইউ), এমএসসি (প্রস্থেটিক্স অ্যান্ড অর্থোটিক্স–থাইল্যান্ড), পিজিটি (সার্জারি), সিসিডি (বারডেম) ও ইডিসি (বারডেম) ডিগ্রিধারী একজন অভিজ্ঞ চিকিৎসক। তিনি দীর্ঘদিন ধরে মানবিক চিকিৎসাসেবা প্রদান করে আসছেন এবং ডায়াবেটিস ও ডায়াবেটিক ফুট চিকিৎসায় বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
কেন্দ্রীয় উপদেষ্টার দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে ডাঃ এম. মনজুর আহমেদ বলেন, “এমন একটি মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করি। চিকিৎসাসেবার মাধ্যমে আসকের সদস্য, তাদের পরিবার এবং অসহায় মানুষের পাশে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।”
আসকের নেতৃবৃন্দ জানান, ডাঃ এম. মনজুর আহমেদের মতো একজন মানবিক ও দক্ষ চিকিৎসকের সম্পৃক্ততায় সংগঠনের মানবিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে তারা আশাবাদী।
এদিকে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার পক্ষ থেকে ডাঃ এম. মনজুর আহমেদকে কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।