
সোহান মিয়া, আড়াইহাজার(নারায়ণগঞ্জ) প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তবে মাদকসহ আটকের অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা না দিয়ে দণ্ডবিধির ৩৪ ধারায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাত প্রায় ১০টার দিকে উপজেলার চালাকচর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন—মানিকপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩০), কালাম (২৮), সুন্দর আলী (২৫) এবং শরীফ মিয়া (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের একটি আসর থেকে আটক করা হয়। প্রাথমিকভাবে মাদক সেবনের অভিযোগ থাকলেও পরবর্তীতে মাদক আইনে মামলা করা হয়নি।
এ বিষয়ে আড়াইহাজার থানার এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৪ ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আটকের সময় মাদক থাকার তথ্য থাকলেও পরে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্বের অভিযোগ ও রেকর্ডের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কার্যক্রমের সঙ্গে জড়িত।