
স্টাফ রিপোর্টার:- আল ইমরান
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ফাজিল ও কামিল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদ্রাসার মর্যাদা অর্জন করেছে কাশিয়ানী উপজেলার মাজড়া এমইউ সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা।
৩০ জুন ২০২৬ তারিখে রাজধানীতে অনুষ্ঠিত `অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান ২০২৬`-এ মাদ্রাসাটির হাতে আনুষ্ঠানিকভাবে এই শ্রেষ্ঠত্বের ক্রেস্ট তুলে দেয়া হয়।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব জনাব আবদুল খালেক, মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
মাদ্রাসার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ। শিক্ষার মানোন্নয়ন, ফলাফল, সহশিক্ষা কার্যক্রম এবং সামগ্রিক অবকাঠামোর ভিত্তিতে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই মূল্যায়ন করেছে বলে জানা গেছে।
এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করে মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি বলেন, “এই স্বীকৃতি মাজড়া এমইউ মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফসল। আমরা ভবিষ্যতেও মাদ্রাসার শিক্ষার মান আরও উন্নত রাখার চেষ্টা করবো।”
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ এই সাফল্যের জন্য শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ ও এলাকার সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।