
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কাওরাইদ ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মন্ডল। ঈদের শুভেচ্ছার পাশাপাশি তিনি কুরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা কেবল আনন্দের উৎসব নয়, এটি ত্যাগ, মানবতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা। সমাজের বিত্তবানদের পাশাপাশি অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখেও যেন ঈদের হাসি ফুটে ওঠে, সেটিই হওয়া উচিত আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, “কুরবানির পর পশুর বর্জ্য যথাসময়ে অপসারণ না করলে পরিবেশ দূষণ, দুর্গন্ধ ও বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা সামাজিক দায়িত্বের অংশ।”
কামরুজ্জামান মন্ডল কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঈদকে ঘিরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, যুবসমাজ, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ একসঙ্গে কাজ করলে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য ইউনিয়ন গড়ে তোলা সম্ভব।
তিনি আরও বলেন, “শুধু ঈদের সময় নয়, সারাবছরই পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে। সচেতন নাগরিক সমাজই পারে একটি আধুনিক, সুন্দর ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে।”
স্থানীয় সচেতন মহলের মতে, ঈদের শুভেচ্ছার পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়ে কামরুজ্জামান মন্ডলের এমন সচেতনতামূলক বক্তব্য সাধারণ মানুষের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেবে। বিশেষ করে কুরবানির সময় পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে তার এই আহ্বানকে সময়োপযোগী বলেও মনে করছেন অনেকে।