উখিয়া-টেকনাফ সীমান্তে ৬৪ বিজিবির পাঁচ অভিযানে ১ লাখ ৪৪ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্ত এলাকায় পৃথক পাঁচটি মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, তিনটি সিএনজি অটোরিকশা এবং পাঁচজন মাদক কারবারিকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)। অভিযানে মোট ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৪৯ লাখ ৭০ হাজার ৯০০ টাকা। বৃহস্পতিবার (২২ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে পালংখালী বিওপি, হোয়াইক্যং চেকপোস্ট, শীলখালী চেকপোস্ট ও বালুখালী বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, পালংখালী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে এবং তাদের কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। একই দিনে হোয়াইক্যং চেকপোস্টে পরিচালিত দুটি পৃথক অভিযানে দুইজন আসামি ও দুটি সিএনজি অটোরিকশাসহ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অপরদিকে শীলখালী চেকপোস্টের আরেক অভিযানে এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় একটি সিএনজি অটোরিকশাসহ ৪ হাজার ৯০৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া বালুখালী বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় আরও ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। সবমিলিয়ে পাঁচটি পৃথক অভিযানে ১ লাখ ৪৪ হাজার ৯০৩ পিস ইয়াবা, তিনটি সিএনজি অটোরিকশা এবং পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
-
প্রকাশের সময় :
শুক্রবার, ২২ মে, ২০২৬
-
৪৯
বার পঠিত

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক পাচার দমন এবং চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সম্প্রতি তাদের ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ হওয়ায় সীমান্তবর্তী এলাকায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এই ক্যাটাগরির আরও খবর