
আবু মুসা টেকনাফ প্রতিনিধি
কক্সবাজার শহরের সুগন্ধা সৈকত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৮ লাখ টাকা মূল্যের ১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) ভোরে পরিচালিত এ অভিযানের তথ্য বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি বিশেষ টহল দল কক্সবাজার সদর উপজেলার সুগন্ধা সৈকত সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে আটক করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৮ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত ইয়াবা, প্রাইভেটকার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, “দেশকে মাদকমুক্ত রাখতে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।”
সংশ্লিষ্টরা মনে করছেন, কক্সবাজার উপকূল ও সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক মাদকবিরোধী অভিযান মাদক কারবারিদের তৎপরতা দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কোস্ট গার্ডের এ সফল অভিযানও সেই ধারাবাহিকতার অংশ হিসেবে মাদক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।