
জুলফিকার আলী, নিজস্ব প্রতিবেদক, কলারোয়া:
সাতক্ষীরার কলারোয়া উপজেলার শুভংকরকাটি গ্রামে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ক্রিকেট প্রতিযোগিতা। স্থানীয় ক্রীড়া সংগঠন “শুভংকরকাটি ইয়াং স্টার”-এর উদ্যোগে আয়োজিত ‘২য় শিবিল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
খেলাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলারোয়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ব্র্যাক ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার কাজী আসাদুজ্জামান আসাদ। উদ্বোধনী বক্তব্যে তিনি যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব কামরুল জামান। টুর্নামেন্টের ম্যাচগুলো সুচারুভাবে পরিচালনার দায়িত্বে রয়েছেন খন্দকার রাকিবুল ইসলাম (ইমন)। এছাড়াও এলাকার গণ্যমান্য ও আরও অনেক বিশেষ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং খেলোয়াড়দের উৎসাহিত করেন।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে উপস্থিত দর্শক ও ক্রীড়ামোদিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। টানটান উত্তেজনাকর প্রথম ম্যাচটি শেষ হওয়ার পর বিজয়ী দলের সেরা পারফর্মারের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’-এর পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কাজী আসাদুজ্জামান আসাদ।
আয়োজক কমিটি ‘শুভংকরকাটি ইয়াং স্টার’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এবং গ্রামীণ ক্রীড়া সংস্কৃতির বিকাশে এই টুর্নামেন্ট প্রতি বছরই আরও বড় পরিসরে আয়োজন করা হবে।