
মো: মোরশেদ আলম
কালিয়াকৈর, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুরসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কুকুরের অতর্কিত হামলার শিকার হন পথচারী ও শ্রমিকরা। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বক্তারপুর এলাকায় অবস্থিত ইকোনীটস লিমিটেড (প্রাক্তন সমাহার সোয়েটার ফ্যাক্টরি) এর গেটের সামনে; সেখানে কুকুরের কামড়ে গুরুতর আহত হয়েছেন উক্ত কারখানার স্টোর বিভাগের একজন কর্মচারী। এছাড়া জোড়া ব্রিজ এলাকা, লতিফপুর, টিএন্ডটি রেললাইন সংলগ্ন এলাকা এবং হাইটেক পার্ক ফ্লাইওভারের নিচেও কুকুরের আক্রমণের খবর পাওয়া গেছে। বর্তমানে আক্রান্তরা কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করছেন। এই ঘটনার পর থেকে পুরো উপজেলায় চরম আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে গার্মেন্টস শ্রমিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ পথচারীরা চলাচলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পথে যেকোনো কুকুর দেখলেই মানুষ ভয়ে আঁতকে উঠছেন। এই পরিস্থিতিতে অতিষ্ঠ এলাকাবাসী কালিয়াকৈর উপজেলা প্রশাসন ও পৌরসভার কাছে বিশেষ আহ্বান জানিয়েছেন যেন দ্রুত এই পাগলা কুকুরটিকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি যে সকল কুকুর পাগল হয়ে জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, সেগুলোকে দ্রুত অপসারণ বা নিধনের দাবি জানিয়েছেন তারা। তবে এলাকাবাসী বিশেষভাবে অনুরোধ করেছেন যেন কোনো সুস্থ বা নিরপরাধ কুকুরকে অযথা মারা না হয়। জনস্বার্থে এই আতঙ্ক দূর করতে এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।