
মাহাবুর রহমান, কেশবপুর (যশোর)
যশোরের কেশবপুরে মাছ চাষে কারিগরি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ-এর আয়োজনে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত কেশবপুর পৌর শহরের ক্যাফে ডে লাইটে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৬০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের সাউথ-ওয়েস্ট অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার কিংকর হালদার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের কোস্টাল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার রাকিব আহমেদ, খুলনা অঞ্চলের সিনিয়র সেলস অফিসার দেলোয়ার হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, কার্যনির্বাহী সদস্য সরদার মেহেদী এবং উপজেলা যুবদল নেতা আব্দুল গফুর।
বক্তারা বলেন, আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও খামারের লাভজনকতা বাড়ানো সম্ভব। সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা যায়।
প্রশিক্ষণে পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, উন্নত মানের পোনা নির্বাচন ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার—যেমন প্রোবায়োটিক প্রয়োগ, এয়ারেটরের ব্যবহার এবং তথ্যপ্রযুক্তিনির্ভর পানি ব্যবস্থাপনা—নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এ সময় অংশগ্রহণকারী চাষীরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশিক্ষণকে আরও প্রাণবন্ত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সকল অংশগ্রহণকারী মৎস্যচাষীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।