
জাহাঙ্গীর আলম | জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় ঈদুল আজহার আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। পরিবারের সঙ্গে কোরবানির মাংস খাওয়ার সময় গলায় মাংস আটকে মো. ইয়াসিন (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইয়াসিন ওই এলাকার মো. রফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। এ সময় হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের।
তিনি জানান, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণেই তার মৃত্যু হয়েছে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।