
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
চট্টগ্রামের বহিঃনোঙর সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট, একটি ফিশিং বোট এবং ১০ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (১৪ জুন ২০২৬) রাত ১টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৮১ হাজার টাকা মূল্যের ১৬২ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।
এ সময় পাচারকাজে ব্যবহৃত বোটসহ ১০ জন পাচারকারীকে আটক করা হয়। জব্দকৃত সিমেন্ট, বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।