
অভিযান জোরদার ও নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর, যুবসমাজ রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নিজস্ব প্রতিবেদক: প্রিয়া আক্তার
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া (এবিবি ফটকের গেট সংলগ্ন) এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, মাদক বিক্রি ও সরবরাহের কারণে এলাকার সামাজিক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে কিশোর ও তরুণদের একটি অংশ মাদকের ভয়াল ছোবলে জড়িয়ে পড়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় সংঘবদ্ধভাবে মাদক কেনাবেচা পরিচালিত হচ্ছে। এ বিষয়ে বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে মৌখিক ও লিখিত অভিযোগ করা হলেও এখন পর্যন্ত স্থায়ী ও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান হয়নি বলে দাবি তাঁদের।
এলাকাবাসীর ভাষ্য, মাদক ব্যবসাকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, কিশোর অপরাধ এবং সামাজিক অস্থিরতা বেড়ে চলেছে। সন্ধ্যার পর অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভোগে। ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সমাজসেবীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। একই সঙ্গে নিরপরাধ কোনো ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সেদিকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছে। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসন দৃশ্যমান ভূমিকা পালন করবে।