
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে রোহিঙ্গা নাগরিকদের ভারতে পাচারের চেষ্টাকে কেন্দ্র করে এক যুবককে নির্মমভাবে মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীর দেওয়া জবানবন্দি থেকে জানা যায়, একদল রোহিঙ্গাকে ইজিবাইক (টমটম) বা রিকশায় করে ভারতের উদ্দেশ্যে সীমান্তের দিকে নিয়ে যাওয়ার সময় কিছু যুবক তাদের গতিরোধ করে আটকে রাখে। পরবর্তীতে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবকের ওপর হামলা চালানো হয়। হামলায় তার মুখমণ্ডল ও ঠোঁটে গুরুতর জখম হয়।
ভিডিওতে ভুক্তভোগী যুবক এবং একজন প্রত্যক্ষদর্শী এই ঘটনার সাথে জড়িত স্থানীয় একটি দালাল ও পাচারকারী চক্রের বেশ কয়েকজনের নাম উল্লেখ করেছেন। অভিযুক্তরা হলেন— বাহার, জসিম, স্বপন, শাহজাহান, পারভেজ এবং অপু।
আহত যুবকের দাবি, রোহিঙ্গা পাচারের বিষয়ে তিনি পুরোপুরি জানতেন না। তাকে এবং তার ভাইকে অন্যায়ভাবে আটকে রেখে এই চক্রের সদস্যরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে উপর্যুপরি মারধর করেছে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সীমান্ত দিয়ে মানব পাচারের মতো অবৈধ কর্মকাণ্ড এবং প্রকাশ্য দিবালোকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল