
সোহরাব হোসেন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ):
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা পরিষদে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে জেলা পরিষদের উদ্যোগে ‘চেক ও ফুটবল বিতরণ অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক উন্নয়ন ও ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে জেলা পরিষদ এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক জনাব মোঃ নোমান হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক জনাব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সেলিম রেজা।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুণ্ডু উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব প্রদীপ্ত রায় দীপন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে স্থানীয় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও স্কুলের উন্নয়নকল্পে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন। একই সাথে যুবসমাজকে মাদকমুক্ত ও ক্রীড়ামুখী করতে স্থানীয় তরুণ খেলোয়াড় এবং ক্রীড়া ক্লাবগুলোর মাঝে ফুটবল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা জেলা পরিষদের এই কল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের এই অনুদান সামাজিক উন্নয়নে যেমন অবদান রাখবে, তেমনি ক্রীড়া সামগ্রী বিতরণ তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করে একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।