
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মুহাম্মদ ছালাম (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে র্যাব-১৫ এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি চৌকস আভিযানিক দল টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামি মুহাম্মদ ছালামকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুহাম্মদ ছালাম (৪৫) টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রাজারছড়া এলাকার মৃত মোজাফফর আহমদের ছেলে।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) উপধারায় দায়ের করা একটি মামলায় আদালত ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। সাজা ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৫।