
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার লক্ষ্যে দায়িত্বশীল সদস্যদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ, অর্থ সম্পাদক মোজাম্মেল হক, সদস্য মোহাম্মদ হোসাইন, আবু মুসা, মাজিবুল হকসহ অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা, সদস্যদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং সংগঠনের মর্যাদা অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল প্রেসক্লাব গড়ে তুলতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত জরুরি। সংগঠনের বৃহত্তর স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করলে প্রেসক্লাবকে আরও সমৃদ্ধ ও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।
সভায় প্রেসক্লাবের ঐক্য, পেশাদারিত্ব এবং সাংবাদিকতার নৈতিক মানদণ্ড সমুন্নত রেখে ভবিষ্যতে আরও সুসংগঠিতভাবে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের স্বার্থে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিক সমাজের মর্যাদা রক্ষায় একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।