
নজরুল ইসলাম খোকন, টেকনাফ:কক্স বাজার
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন নাজিরপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে—এমন খবরের ভিত্তিতে বিজিবির সদস্যরা আগে থেকেই কৌশলগত অবস্থান গ্রহণ করেন।
একপর্যায়ে জেলের ছদ্মবেশে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হন। পরে তার ব্যবহৃত ঠেলা জাল তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে অপর দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি, স্থল ও নৌ টহল এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।