
উতপল সরকার, রাজশাহী ব্যুরো চিফ
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নগরবাসীকে সম্পৃক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) উদ্যোগে শনিবার (৬ জুন) নগরীতে এক বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় নগর ভবনের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়। র্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
র্যালি শেষে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রশাসক বলেন, ডেঙ্গু বর্তমানে দেশের অন্যতম জনস্বাস্থ্য চ্যালেঞ্জ। তবে নাগরিক সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এ রোগের বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি একটি সুস্থ, নিরাপদ ও বাসযোগ্য নগরী গঠনে সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
তিনি বলেন, ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা সাধারণত পরিষ্কার ও স্থির পানিতে বংশবিস্তার করে। তাই বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
মাহফুজুর রহমান রিটন জানান, ডেঙ্গু মোকাবেলায় রাজশাহী সিটি কর্পোরেশন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতিমূলক কার্যক্রম হাতে নিয়েছে। সচেতনতামূলক প্রচারণার পাশাপাশি মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলার লক্ষ্যে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, পরিচ্ছন্ন নগরী প্রতিষ্ঠা ও নাগরিক সেবার মানোন্নয়নে সিটি কর্পোরেশন নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। অতীতে হাম ও রুবেলা প্রতিরোধে সফল কর্মসূচির অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ডেঙ্গু প্রতিরোধেও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বর্ষা মৌসুমের আগে মশার বিস্তার রোধে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনের মাধ্যমে বিশেষ স্প্রে কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
র্যালিতে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।
এছাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির (সিডিসি) সদস্য, ওয়ার্ড সচিব, স্বাস্থ্যকর্মী, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক এবং বিডিক্লিনের সদস্যরা র্যালিতে অংশ নেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নগরবাসীর মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তোলা সম্ভব হবে।