
স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এদিকে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে মোঃ আব্দুর রহিম বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে ত্যাগ স্বীকারকারী বিএনপির তৃণমূল নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন না করা হলে ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির প্রার্থীদের পরাজয়ের আশঙ্কা রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছরে দলের জন্য রাজপথে আন্দোলন করা ত্যাগী কর্মীদের উপেক্ষা করে অনেক সুবিধাবাদী নেতা নিজেদের অবস্থান শক্তিশালী করেছেন। এতে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে, যা দলীয় ঐক্য ও সাংগঠনিক শক্তির জন্য ক্ষতিকর হতে পারে।
তিনি আরও বলেন, তৃণমূল পর্যায়ের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়ন ও সাংগঠনিকভাবে শক্তিশালী না করলে সাধারণ জনগণের আস্থা অর্জন কঠিন হয়ে পড়বে। তাই দলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে ত্যাগী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে মূল্যায়নের দাবি জানান তিনি।
মোঃ আব্দুর রহিম দীর্ঘ ১৭ বছরে বিএনপির ভেতরে সুবিধাবাদী ও বিতর্কিত নেতাদের বিভিন্ন কর্মকাণ্ড এবং রাজনৈতিক তথ্য সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, ভবিষ্যতের স্বচ্ছ রাজনৈতিক পরিবেশ ও জবাবদিহিতা নিশ্চিত করতে এসব তথ্য সংরক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
শেষে তিনি দেশ ও জাতির শান্তি, উন্নয়ন এবং গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।