
জাহাঙ্গীর আলম জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নে বেপারী পাড়া গ্রামে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন স্থানীয় যুবসমাজ ও এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে নরুন্দিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় যুবসমাজ মাদক কারবারি হিসেবে চিহ্নিত ১৯টি পরিবারের ঘর ভেঙে দেয়। এ সময় এলাকায় মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।
যুবসমাজের পক্ষে বক্তব্য দেন নরুন্দি বাজারের মাছ ব্যবসায়ী বাবুল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন নরুন্দি ইউনিয়ন মৎস্য জিবি দলের সভাপতি সাহামত মিয়া এবং নরুন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল্লা। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল্লা বলেন, “যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চান, তাদের পরিবারের পাশে দাঁড়ানো হবে। কর্মসংস্থানের ব্যবস্থা এবং ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় আর্থিক সহযোগিতাও দেওয়ার চেষ্টা করা হবে।”
অনুষ্ঠানে উপস্থিত নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ বলেন, “মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। মাদক কারবারিদের সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
বক্তারা মাদকমুক্ত নরুন্দি গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।