
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম
কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র বিশেষ অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ২ লাখ ৯০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৭০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, নতুন সরকারের মাদকবিরোধী কঠোর অবস্থান এবং সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধির অংশ হিসেবে টেকনাফ সীমান্তে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ১৬ মে গভীর রাতে নাফ নদী সংলগ্ন উনচিপ্রাং সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
অভিযান চলাকালে বিজিবির টহল দল নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা ৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে এবং ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারীরা সঙ্গে থাকা একটি বস্তা ফেলে দ্রুত সীমান্ত পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক পাচারকারীরা সীমান্তকে ব্যবহার করে দেশে ইয়াবা প্রবেশ করানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নতুন সরকারের নির্দেশনায় সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
এদিকে স্থানীয় সচেতন মহল বলছে, টেকনাফ সীমান্ত দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানের কারণে পাচারকারীরা চাপে পড়েছে।
বিজিবি আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িত চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে।