
জামাল উদ্দীন: কক্সবাজার জেলা প্রতিনিধি
চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ জেট ফুয়েল, ডিজেল, অকটেন ও ভোজ্য তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। মঙ্গলবার (১৯ মে ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদক ও চোরাচালান প্রতিরোধে বাহিনীটি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। বৈশ্বিক জ্বালানি সংকটকে কেন্দ্র করে যাতে অসাধু ব্যবসায়ীরা জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি বা অবৈধ মজুদ করতে না পারে, সে লক্ষ্যেও কোস্ট গার্ড সক্রিয় রয়েছে।
এরই ধারাবাহিকতায় গত সোমবার (১৮ মে) রাত ১১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ভিআইপি রোড সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা একটি গোপন আস্তানায় তল্লাশি চালিয়ে আনুমানিক ২৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ৭ হাজার লিটার জেট ফুয়েল, ৬ হাজার লিটার ডিজেল, ১ হাজার ৫০০ লিটার অকটেন এবং এসব জ্বালানি পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
এদিকে মঙ্গলবার (১৯ মে) রাত ১টার দিকে চট্টগ্রামের ইপিজেড থানাধীন আকমলআলী সুইচ গেইট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় ঘাট এলাকায় তল্লাশি চালিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা প্রায় ৯ লাখ টাকা মূল্যের ৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।
দুই অভিযানে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও আটকে গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। প্রয়োজনে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত অভিযানও পরিচালনা করা হবে।
জব্দকৃত জ্বালানি তেল, ভোজ্য তেল ও ট্রাকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, চোরাচালান ও অবৈধ মজুদ রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা ছিলেন লেফটেন্যান্ট হাসিব-উল-ইসলাম (এক্স), বিএন, সিগনাল কমিউনিকেশন অফিসার, বিসিজিএস তাজউদ্দীন