
নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নে নির্মাণাধীন বৃহৎ রামমূর্তি ও অন্যান্য মূর্তি অপসারণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সংগঠন ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ(বালিয়াডাঙ্গী)ঠাকুরগাঁও।
বুধবার (২৫ জুন) সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে সংগঠনটির নেতারা দাবি করেন, পলাশবাড়ী এলাকায় নির্মাণাধীন রামমূর্তি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো স্থানীয়ভাবে বিতর্কের সৃষ্টি করেছে এবং বিষয়টি সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত উদ্বেগ তৈরি করতে পারে। তারা প্রকল্পটির অর্থায়নের উৎস, অনুমোদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা তদন্তেরও দাবি জানান।
এছাড়া স্মারকলিপিতে নির্মাণাধীন সকল বিতর্কিত স্থাপনা অপসারণ, প্রকল্পের বৈধতা যাচাই, অর্থের উৎস অনুসন্ধান এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
সংগঠনের নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।