
*পাইকগাছা, খুলনা প্রতিনিধি:*
খুলনার পাইকগাছায় বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্যের বিরুদ্ধে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আনন্দ কুমার রজক পাইকগাছা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।
অভিযুক্ত সেনা সদস্যের নাম গৌতম কুমার দাস। তার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার ঘোষনগর গ্রামে। ভুক্তভোগী আনন্দ কুমার রজক পাইকগাছা উপজেলার হরিঢালী গ্রামের একজন স্বর্ণ কারিগর।
এজাহার সূত্রে জানা যায়, গত ০৮/০৬/২০২৫ ইং তারিখে অভিযুক্ত গৌতম কুমার দাস ভুক্তভোগীর বাড়িতে এসে নিজেকে সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠ পরিচয় দেন। তিনি আনন্দ কুমার রজকের ছেলে সাগর কুমার রজককে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ১২ লাখ টাকা দাবি করেন। চাকরি না হলে সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকারও করেন তিনি।
আনন্দ কুমার রজক জানান, “আমি সরল বিশ্বাসে গৌতমকে আমার বাসায় নগদ ৬ লাখ টাকা প্রদান করি। এসময় আমার স্ত্রী বাসন্তী রানী ও প্রতিবেশী শেখ রিমন উপস্থিত ছিলেন। পরবর্তীতে তার শাশুড়ি সুচিত্রা রানী দাসের সোনালী ব্যাংক একাউন্টে আমার স্ত্রীর একাউন্ট থেকে ২৩/০৮/২০২৫ তারিখে ১ লাখ এবং ০৮/১০/২০২৫ তারিখে ৫ লাখ টাকা, মোট ৬ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে প্রদান করি।”
ভুক্তভোগী আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার পর থেকে অভিযুক্ত নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। দীর্ঘদিন পরও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে অভিযুক্ত টালবাহানা শুরু করে। সর্বশেষ গত তিন মাস ধরে টাকা চাইতে গেলে গৌতম কুমার দাস অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। তিনি বলেন, “আর টাকা চাইলে তোরে খুন করে ফেলবো। আমি সেনা সদস্য, আমার কিছু করতে পারবি না।”
এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জের বক্তব্যের জন্য থানায় গেলে তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী আনন্দ কুমার রজক অভিযুক্তের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬ ধারায় মামলা রুজু করে তার আত্মসাৎকৃত ১২ লাখ টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।এবং তিনি উল্লেখ করেন তাকে হয়রানি করার জন্য সেনা সদস্য গৌতম তার শাশুড়ি কে দিয়ে ভিকটিমের নামে একটি মিথ্যা অভিযোগ পাইকগাছা থানায় করেছে।ভিকটিম এ ঘটনায় সেনাসদরেও লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় হয়ে থাকে এবং এক্ষেত্রে কোনো ধরনের আর্থিক লেনদেনের সুযোগ নেই বলে সেনাসদর থেকে বারবার সতর্ক করা হয়েছে।