
নিজস্ব প্রতিবেদক : মাওঃ জীবন দেওয়ান উজ্জ্বল
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলা-র ধলামূলগাঁও ইউনিয়নের পাঁচমারকান্দা গ্রামে নারী ও শিশু নির্যাতন মামলার এক বাদীকে আসামি পক্ষ থেকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে উত্তেজনা ও আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, পাঁচমারকান্দা গ্রামের আকবর আলীর মেয়ে মোসা. পারুল বেগম (৩৯) গত ১২ এপ্রিল ২০২৬, রবিবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে জোরপূর্বক ধর্ষণচেষ্টার শিকার হন বলে অভিযোগ করেন। এ ঘটনায় তিনি পাশ্ববর্তী জামধলা গ্রামের মৃত মালেকের ছেলে মো. লাল মিয়া (৪২)-এর বিরুদ্ধে অভিযোগ আনেন।
ভুক্তভোগী পারুল বেগম প্রথমে থানায় মামলা করতে গেলে কর্তব্যরত কর্মকর্তা তাকে ট্রাইব্যুনালে মামলা করার পরামর্শ দেন বলে জানা যায়। পরে তিনি গত ১৬ এপ্রিল ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, নেত্রকোনা-এ মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ৬৯/২০২৬।
অভিযোগ রয়েছে, মামলার বিষয়টি জানাজানি হওয়ার পর আসামিপক্ষ বাদী ও তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এতে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।
ঘটনার সত্যতা যাচাইয়ে জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা সরেজমিনে গেলে স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগের সত্যতা স্বীকার করেন। তারা জানান, পারুল বেগম ও পাশের বাড়ির এক বিধবা নারী সীমা বেগমকে কেন্দ্র করে পূর্ব থেকেই বিরোধ চলছিল। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত লাল মিয়া এ ধরনের ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করেন তারা।
এ বিষয়ে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। তাদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।