
মোঃ সবুর শেখ, ফুলতলা প্রতিনিধি:
খুলনার ফুলতলায় নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কেন্দ্র শিক্ষকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন, খুলনা মহানগরের উদ্যোগে ১৫ ও ১৬ জুন ২০২৬ তারিখে ফুলতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রকল্পের আওতাধীন বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করেন। কর্মশালায় শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পাঠদান পদ্ধতি, নৈতিক ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ, শিক্ষার্থীদের মাঝে মানবিক গুণাবলী ও আদর্শিক চেতনা জাগ্রত করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের মাঝে আরও কার্যকরভাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।
দুই দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা প্রশিক্ষণের বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম পরিচালনায় তা কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি ইসলামিক ফাউন্ডেশন খুলনা মহানগরের তত্ত্বাবধানে সফলভাবে সম্পন্ন হয়।