
মোহাম্মদ সবুর শেখ, ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা।
খুলনার ফুলতলা উপজেলার একমাত্র সরকারি খেলার মাঠ ও ঐতিহ্যবাহী ডাবুর মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় ক্রীড়াবিদ ও যুবসমাজ।
খুলনা-যশোর মহাসড়কের পাশে, উপজেলা পরিষদের পূর্বদিকে অবস্থিত ডাবুর মাঠটি দীর্ঘদিন ধরে উপজেলার ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এখানে উপজেলা পর্যায়ের বিভিন্ন খেলাধুলা, জাতীয় দিবসের অনুষ্ঠান এবং সামাজিক কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়। প্রতিদিন এলাকার অসংখ্য কিশোর ও যুবক মাঠটিতে বিভিন্ন ধরনের ক্রীড়া অনুশীলনে অংশ নেন।
তবে দীর্ঘদিন ধরে মাঠটির যথাযথ রক্ষণাবেক্ষণ না হওয়া, সীমানা প্রাচীর ভেঙে যাওয়া এবং নিরাপত্তা ব্যবস্থার অভাবে এর পরিবেশ ক্রমেই অবনতি ঘটছে। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর মাঠটি বখাটে ও অবাঞ্ছিত ব্যক্তিদের আড্ডাস্থলে পরিণত হয়। এছাড়া জাতীয় পর্যায়ের কয়েকজন খেলোয়াড়ও মাঠের বর্তমান অবকাঠামো ও পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং উপজেলার ক্রীড়া উন্নয়ন অব্যাহত রাখার লক্ষ্যে আইকন একাডেমী ফুলতলার চেয়ারম্যান জহির উদ্দিন রাজিব ভুঁইয়ার নেতৃত্বে একদল খেলোয়াড় ও স্থানীয় যুবক গত ২০ জুন ২০২৬ (শনিবার) দুপুরে খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী-এর উপজেলা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং ডাবুর মাঠে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে একটি স্মারকলিপি প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সূচি রানী সাহা, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও যুবসমাজের প্রতিনিধিরা।
স্মারকলিপি গ্রহণ করে সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগার লবী উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং ডাবুর মাঠের দ্রুত সংস্কার ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি মাঠটিকে আধুনিকায়নের মাধ্যমে একটি মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তিনি যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন এবং ক্রীড়া চর্চার জন্য উন্নত অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।