
হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের মোংলা উপজেলার পিকনিক কর্নার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বিআরটিসি বাসের ভেতর থেকে এক যাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোংলা থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি দীর্ঘক্ষণ ধরে পিকনিক কর্নারে পার্ক করা ছিল। সকালে বাসের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে লোকজন এগিয়ে যান। পরে ভেতরে এক যাত্রীকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, যাত্রা পথেই ওই যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিহতের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মরদেহ উদ্ধারের পর বাসটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নিহতের পরিচয় শনাক্ত ও স্বজনদের খোঁজে পুলিশ কাজ করছে। পরিচয় জানতে পুলিশ সবার সহযোগিতা চেয়েছে।