
স্টাফ রিপোর্টার : নির্মল পাল
বাগেরহাট সদর উপজেলার বারাকপুর থেকে কলেজ মোড় পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই সড়কের খানাখন্দে পানি জমে যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় এর অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচলে বেশি সমস্যা হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা।
এলাকাবাসী জানান, গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে সময় নষ্টের পাশাপাশি বাড়ছে ভোগান্তি। দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।