
নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) বিকেল প্রায় ৪টার দিকে বালিয়াডাঙ্গী-নেকমরদ মহাসড়কের লোলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুধো বালা (৪৮), উপজেলার পারিয়া ইউনিয়নের বানাগাঁও গ্রামের ধীরেন সিংহের স্ত্রী। আহতরা হলেন একই ইউনিয়নের বিনত সিংহের স্ত্রী মেজানি রানী (নিহতের বোন) এবং সার্জেন সিংহ (২৬)।
স্বজনরা জানান, পারিয়া ও বানাগাঁও এলাকা থেকে দুই বোন সার্জেন সিংহের মোটরসাইকেলে করে পীরগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথে লোলপুকুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সুধো বালার মৃত্যু হয়। গুরুতর আহত হন মেজানি রানী ও সার্জেন সিংহ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের ভাষ্য, সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। সার্জেন সিংহের মাথায় থাকা হেলমেটও ভেঙে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় স্থানীয়রা ট্রাকের চালক ও হেলপারকে আটক করে বালিয়াডাঙ্গী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।