
নিজেস্ব প্রতিবেদক
আগামী ২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক হিসেবে রয়েছে উত্তর আমেরিকার তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে এই তিন দেশের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে মেক্সিকো, কারণ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে দেশটি গড়তে যাচ্ছে এক অনন্য রেকর্ড।
২০২৬ সালের বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে মেক্সিকো তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের আয়োজক বা যৌথ আয়োজকের মর্যাদা অর্জন করবে। এর আগে দেশটি ১৯৭০ ও ১৯৮৬ সালে এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। ফলে বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোই প্রথম দেশ, যারা তৃতীয়বারের মতো এই বৈশ্বিক ফুটবল মহোৎসব আয়োজনের সুযোগ পাচ্ছে।
এর আগেও মেক্সিকো একটি বিশেষ কৃতিত্ব অর্জন করেছিল। ১৯৮৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করে দেশটি প্রথমবারের মতো দুইবারের আয়োজক হওয়ার গৌরব অর্জন করে। পরে ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি এবং ২০২৬ সালের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রও দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজনের তালিকায় যুক্ত হয়। তবে প্রথম দেশ হিসেবে দ্বিতীয়বার এবং তৃতীয়বার বিশ্বকাপ আয়োজনের কৃতিত্ব এখনো মেক্সিকোর দখলেই রয়েছে।
আয়োজনের বাইরে বিশ্বকাপে মেক্সিকোর রয়েছে বেশ কিছু স্মরণীয় অর্জন। দেশটি এখন পর্যন্ত দুইবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হয়েছে। মজার বিষয় হলো, দুবারই তারা স্বাগতিক ছিল—১৯৭০ ও ১৯৮৬ সালে।
১৯৯৪ থেকে ২০২২ পর্যন্ত টানা আটটি বিশ্বকাপে মেক্সিকো গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্ব বা রাউন্ড অব ১৬-তে জায়গা করে নিয়েছিল। কিন্তু প্রতিবারই শেষ ষোলোতেই তাদের যাত্রা থেমে যায়।
মেক্সিকোর কিংবদন্তি গোলরক্ষক আন্তোনিও কারবাহাল বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা পাঁচটি বিশ্বকাপে (১৯৫০, ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২ ও ১৯৬৬) অংশগ্রহণের বিশ্বরেকর্ড গড়েন। পরবর্তীতে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো এই কীর্তির সমকক্ষ হন।
আরেক কিংবদন্তি রাফায়েল মার্কেজও বিশ্বকাপ ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছেন। তিনি পাঁচটি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাঠে নেমে অনন্য এক রেকর্ড গড়েছেন।
বিশ্বকাপে মেক্সিকোর হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছেন হাভিয়ের হার্নান্দেজ (চিচারিতো) ও লুইস হার্নান্দেজ। দুজনই করেছেন ৪টি করে গোল।
বিশ্বকাপ ইতিহাসের প্রথম দিনেও রয়েছে মেক্সিকোর নাম। ১৯৩০ সালের ১৩ জুলাই উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো ও ফ্রান্স। ফলে বিশ্বকাপের ইতিহাসের প্রথম ম্যাচ খেলার গৌরবও মেক্সিকোর।
অন্যদিকে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে মেক্সিকোর স্মৃতি সুখকর নয়। বিশ্বকাপ মঞ্চে সর্বাধিক তিনবার (১৯৩০, ২০০৬ ও ২০১০) আর্জেন্টিনার মুখোমুখি হয়ে প্রতিবারই পরাজিত হয়েছে মেক্সিকো।
২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে দেশটি। ইতিহাস, ঐতিহ্য এবং নতুন রেকর্ডের হাতছানি—সব মিলিয়ে বিশ্বকাপের মঞ্চে মেক্সিকো এবারও বিশেষ গুরুত্বের দাবিদার।