
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় এবং বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে এএসআই (নিঃ) আব্দুর রব সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ২নং পলাশ ইউনিয়নের মুক্তিখলা এলাকায় বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করেন।
এ সময় তল্লাশি চালিয়ে মো. মুখলেছ মিয়া (২৬) নামে এক যুবককে আটক করা হয়। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার বোয়ালিয়া গ্রামের সারফুদ্দিনের ছেলে। তার কাছ থেকে আনুমানিক ৬ হাজার টাকা মূল্যের ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-২৬, তারিখ: ২৬ জুন ২০২৬, জি আর নং-১৪৮) দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তার আসামিকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।