
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি
সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলা উপজেলাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে আজ সকাল থেকেই টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে উপজেলার আমাইড় ইউনিয়নের নান্দাশ গ্রামে খোলা মাঠের পরিবর্তে নান্দাশ গ্রাম জামে মসজিদে দুই দফায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত ঈদগাহ মাঠে নামাজ আদায়ের সকল প্রস্তুতি সম্পন্ন থাকলেও সকালের আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ ও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে মুসল্লিদের সুবিধার্থে দ্রুত নামাজ মসজিদে স্থানান্তর করা হয়। তবে মসজিদে স্থান সংকুলান না হওয়ায় ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খলভাবে পর পর দুইটি পৃথক জামাত অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে শত শত ধর্মপ্রাণ মুসল্লি এই জামাতসমূহে অংশ নেন এবং নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। প্রতিকূল পরিস্থিতির মাঝেও এমন সুন্দর ও গোছানো আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।