
নিজস্ব প্রতিবেদক:
জামালপুরের মেলান্দহ উপজেলার হাতিজা এলাকায় মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মোঃ আব্দুর রহিমকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি হলেন কুখ্যাত মাদক ব্যবসায়ী কিশোর হাসানের চাচা মামুন, পিতা মোঃ চান মিয়া (চান্দু), সাং- হাতিজা, পোস্ট অফিস- আমবাড়ীয়া, উপজেলা- মেলান্দহ, জেলা- জামালপুর।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হাতিজা ও আশপাশের এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত রয়েছে একটি চক্র। এই চক্রের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে মামুনের নাম স্থানীয়দের মুখে মুখে উচ্চারিত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, তিনি বিভিন্নভাবে এলাকায় মাদক সরবরাহ, বিক্রি এবং যুব সমাজকে বিপথগামী করার কাজে জড়িত।
সম্প্রতি সাংবাদিক মোঃ আব্দুর রহিম স্থানীয়ভাবে মাদকের ভয়াবহ বিস্তার, মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশ করেন। সংবাদটি প্রকাশের পর থেকেই অভিযুক্ত মামুন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং বিভিন্ন মাধ্যমে সাংবাদিক আব্দুর রহিমকে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক আব্দুর রহিম জানান, তিনি সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অন্যায়, দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে কাজ করে আসছেন। মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, যা শুধু একজন সাংবাদিকের নিরাপত্তার জন্যই নয়, বরং স্বাধীন সাংবাদিকতার জন্যও বড় হুমকি।
স্থানীয় সচেতন মহল মনে করেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণেই তারা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে সত্য প্রকাশ বন্ধ করার অপচেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, হাতিজা এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিক আব্দুর রহিমের নিরাপত্তা নিশ্চিত করে হুমকিদাতাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
সত্য প্রকাশের পথ রুদ্ধ করতে যারা হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে, তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এখন সময়ের দাবি বলে মনে করছেন সচেতন নাগরিকরা।