
আশিকুর রহমান
ঢাকা-১৮ আসনের মাননীয় সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন-এর উন্নয়ন, শান্তি ও জননিরাপত্তার অঙ্গীকারকে সামনে রেখে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এবং তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চান মিয়া বেপারী।
তিনি বলেন, “সমাজকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে হলে মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে কোনো ধরনের আপস করা হবে না। মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে আমার অবস্থান হবে সম্পূর্ণ জিরো টলারেন্স।”
হাজী চান মিয়া বেপারী আরও বলেন, ৫৩ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বসবাসযোগ্য এলাকায় পরিণত করতে তিনি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবেন। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যুবসমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে তিনি অগ্রণী ভূমিকা পালন করবেন।
তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি। একটি সুন্দর, নিরাপদ ও উন্নত ৫৩ নং ওয়ার্ড গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন।”
এ সময় তিনি জোর দিয়ে বলেন, জনসাধারণের নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা এবং তরুণ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে তার নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে চলবে অব্যাহত কঠোর অভিযান এবং সচেতনতামূলক কার্যক্রম।