
আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার মিঠাপানিরছড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজার ৫০০ পিস ইয়াবা, একটি সিএনজি এবং এক মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (২৮ জুন ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর ১২টার দিকে টেকনাফ থানাধীন মিঠাপানিরছড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ৬২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ১২ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিটি জব্দ এবং এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ইয়াবা, সিএনজিসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দাভিত্তিক অভিযান অব্যাহত রাখবে।