
মোঃ আব্দুর রহিম (দুলু), স্টাফ রিপোর্টার:
আসন্ন মেলান্দহ পৌরসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বইছে ব্যাপক আলোচনা। পৌর এলাকার সাধারণ জনগণ, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক এম. রফিকুল ইসলাম রহিম। স্থানীয়দের প্রত্যাশা, তিনি মেয়র নির্বাচিত হলে মেলান্দহ পৌরসভা একটি আধুনিক, উন্নত ও মডেল পৌরসভায় রূপান্তরিত হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, এম. রফিকুল ইসলাম রহিম দীর্ঘদিন ধরে মেলান্দহ উপজেলার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘ প্রায় ১৭ বছর বিভিন্ন সময় রাজনৈতিক প্রতিহিংসা ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও দলীয় নেতাকর্মীরা দাবি করেন।
দলীয় সূত্রে আরও জানা যায়, তিনি নিয়মিতভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, সাংগঠনিক সভা এবং বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে সংগঠনকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে স্থানীয় রাজনৈতিক মহলে তার গ্রহণযোগ্যতা ব্যাপক বলে জানা গেছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এম. রফিকুল ইসলাম রহিম শুধু রাজনৈতিক নেতা নন, তিনি একজন সফল ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও এলাকায় সুপরিচিত। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং মানবিক আচরণের কারণে তিনি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
এ বিষয়ে স্থানীয় সাংবাদিক মোঃ আব্দুর রহিম (দুলু) বলেন,
“এম. রফিকুল ইসলাম রহিম একজন অত্যন্ত সৎ, আদর্শবান ও জনবান্ধব মানুষ। তিনি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেন। পৌরবাসীর প্রত্যাশা, তিনি মেয়র নির্বাচিত হলে মেলান্দহ পৌরসভাকে একটি আধুনিক, দৃষ্টিনন্দন ও উন্নয়নমুখী পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।”
পৌর এলাকার সচেতন মহলের অভিমত, যোগ্য নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে এম. রফিকুল ইসলাম রহিম বর্তমানে মেলান্দহ পৌরসভায় সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত নাম হিসেবে বিবেচিত হচ্ছেন।