
ডেক্স রিপোর্ট
যশোরের অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়নের মোট ১০টি মসজিদের উন্নয়ন কার্যক্রমে নতুন অগ্রগতি এসেছে। যশোর-৪ আসনের এমপি মো: গোলাম রছুলের তত্ত্বাবধানে সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) “সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২ (GSID-2)” প্রকল্পের আওতায় মসজিদগুলোর উন্নয়ন কাজের প্রাক্কলন (Estimate) প্রস্তুত ও প্রেরণের সরকারি নির্দেশনা জারি করা হয়েছে।
২৫ জুন ২০২৬ তারিখে জারি হওয়া নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীদের দ্রুততম সময়ের মধ্যে প্রাক্কলন প্রস্তুত করে পাঠাতে বলা হয়েছে। সরকারি তালিকা অনুযায়ী ১০টি মসজিদের প্রতিটির জন্য প্রাথমিকভাবে ৩ লাখ টাকা ব্যয়ের ভিত্তিতে প্রাক্কলন প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। এতে মোট প্রস্তাবিত ব্যয়ের পরিমাণ ৩০ লাখ টাকা।
প্রাক্কলন অনুমোদন ও প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট মসজিদগুলোর উন্নয়ন কাজ শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), স্মারক নং-৪৬.০২.০০০০.৬৫৬.৯৯.০১০(অংশ-৪১).২০২৬.৫৪৩১।