
যশোর প্রতিনিধি:যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে কয়েকটি শিল্প কারখানার বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। কারখানাগুলোর ফেলা বর্জ্য থেকে দুর্গন্ধ ছড়ানো ও পানির উৎস দূষিত হওয়ায় অতিষ্ঠ হয়ে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, বসুন্দিয়া এলাকার বিভিন্ন ফিড মিল ও প্লাস্টিক কারখানার বর্জ্য যত্রতত্র ফেলা হচ্ছে। এতে দিন-রাত দুর্গন্ধে টেকা দায় হয়ে পড়েছে। বৃষ্টি হলে বর্জ্য মিশ্রিত পানি আশপাশের ডোবা-নালা ও পুকুরে গড়িয়ে পড়ে। এতে পানির উৎস দূষিত হচ্ছে বলে দাবি তাদের।
দীর্ঘদিন ধরে এ সমস্যা চললেও কার্যকর কোনো সমাধান মেলেনি বলে জানান ভুক্তভোগীরা। বাধ্য হয়ে রোববার সকালে বসুন্দিয়া বাজারে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে পরিবেশ রক্ষার দাবি জানান বক্তারা।
এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে বলেছেন, অবিলম্বে বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ না নিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।