
কক্সবাজার জেলা প্রতিনিধি, আবু মুসা:
কক্সবাজারের উখিয়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫ এর অভিযানে মাদক মামলায় ৩ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ আইয়ুব আলী (২৭)। তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের এফসিএন নং-২০০২৮৪, ব্লক-জে/০২, রোহিঙ্গা ক্যাম্প-১২ (বালুখালী) এলাকার মো. শামসুল আলমের ছেলে।
র্যাব জানায়, আইয়ুব আলীর বিরুদ্ধে ২০২৩ সালে উখিয়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৪(খ) উপধারায় দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।