
জামাল উদ্দীন | কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলার শীলখালী অস্থায়ী চেকপোস্টে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মাছবোঝাই একটি মিনি পিকআপ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা উদ্ধার করেছে উখিয়া ৬৪ বিজিবি। এ সময় মাদক পাচারের অভিযোগে পিকআপের চালক মো. শফিক (৩৮)-কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফিক টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পুরানপাড়া গ্রামের আলী আহমদের ছেলে।
শুক্রবার (২৬ জুন) উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায়, শুক্রবার সকাল আনুমানিক ৮টা ১৫ মিনিটে টেকনাফ থেকে কক্সবাজারগামী মাছবোঝাই একটি মিনি পিকআপ শীলখালী অস্থায়ী চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। একপর্যায়ে পিকআপের ওপর রাখা অতিরিক্ত চাকার ভেতরে সন্দেহজনক কিছু দেখতে পেয়ে সেটি খুলে পরীক্ষা করা হয়।
এ সময় চালক মো. শফিক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবির টহল দল ধাওয়া করে তাকে আটক করে। পরে অতিরিক্ত চাকার ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো ২৩টি মিনি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে গণনা করে মোট ৪৬ হাজার ৪৮৮ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শফিক জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবি জানায়, জব্দকৃত ইয়াবা, ব্যবহৃত মিনি পিকআপ ও আটক আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক বলেন, “মাদক সরবরাহকারী ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।