
উৎপল কুমার সরকার
সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ঢাকা–রাজশাহী মহাসড়কের পাশে অবস্থিত Silk City Highway Inn & Restaurant-এর মিষ্টি ও দই তৈরির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগ উঠেছে। গত ১৮ মে ২০২৬ খ্রিস্টাব্দে কারখানাটি পরিদর্শন করে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে কার্যক্রম পরিচালনার পাশাপাশি পচা মিষ্টির উচ্ছিষ্ট শিরা ও নির্যাস ব্যবহার করে তৈরি করা হচ্ছে জনপ্রিয় মিষ্টি “সন্দেশ”।
স্থানীয় সূত্রে জানা যায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি উৎপাদন করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ছিল না বললেই চলে। পরিদর্শনের সময় বিভিন্ন পাত্রে দুর্গন্ধযুক্ত পচা মিষ্টির তরল ও অবশিষ্টাংশ সংরক্ষিত অবস্থায় দেখা যায়, যা পরে নতুন করে তৈরি মিষ্টির উপাদান হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে হোটেলের এক সংশ্লিষ্ট ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি জানান, “অনেক ছোট ছোট মিষ্টির দোকান কম দামে এসব নির্যাস কিনে নিয়ে যায়। পরে সেগুলো দিয়ে সন্দেশসহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করে বাজারে বিক্রি করা হয়।”
খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পচা ও দূষিত উপাদান ব্যবহার করে তৈরি খাবার মানবদেহের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের খাদ্য গ্রহণে ক্যান্সার, হৃদরোগ, কিডনি জটিলতা, লিভারের সমস্যা ও খাদ্যে বিষক্রিয়াসহ নানা ধরনের মরণব্যাধির ঝুঁকি বেড়ে যেতে পারে।
স্থানীয় সচেতন মহল বলছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত এমন গুরুতর বিষয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। একই সঙ্গে বাজারে বিক্রি হওয়া নিম্নমানের ও ভেজাল মিষ্টির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবিও জানিয়েছেন তারা।
এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, অবিলম্বে কারখানাটি সিলগালা করে খাদ্য নিরাপত্তা আইনে ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কেউ মানুষের জীবন নিয়ে এমন ভয়ঙ্কর প্রতারণা করতে না পারে।